ক্যাম্পাস

হলে মাদক সেবনের দায়ে জাহাঙ্গীরনগরের দুই ছাত্রীকে বহিষ্কার


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

হলে মাদক সেবনের দায়ে জাহাঙ্গীরনগরের দুই ছাত্রীকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তাদের আবাসিক হল থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের সানজিদা আমীর ইনিসী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়।

অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে যেকোনো ধরনের দেশি বা বিদেশি মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন বা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তনুজা তিথির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় হল প্রশাসনের অভিযানে ওই কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি তনুজা তিথির নামে বরাদ্দ ছিল এবং অভিযানের সময় সেখানে সানজিদা আমীর ইনিসী উপস্থিত ছিলেন।