ক্যাম্পাস
কুবিতে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সম্পাদক কেবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ–র ৭১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আকাশ পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের কেবি জর্জ রায়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সনাতন বিদ্যার্থী সংসদের কেন্দ্রীয় সভাপতি রাখাল দেবনাথ রনি এবং সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় রাণা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটিতে এ ছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন কর্ণ চন্দ্র আচার্য্য, সাংগঠনিক সম্পাদক কণিকা দাশ সীমা, কার্যালয় বিষয়ক সম্পাদক অদিতি পাল, ধর্মচক্র বিষয়ক সম্পাদক সঞ্জয় তালুকদার, প্রচার সম্পাদক শ্রাবন্তী সরকার পূজা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে বন্ধন রায়সহ রয়েছেন আরো ৬২ জন।
নবগঠিত কমিটি নিয়ে সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আরও সুন্দর, সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।
সভাপতি আকাশ পাল বলেন, এই দায়িত্ব আমাদের সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার এক পরম সৌভাগ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একা কোনো বড় কাজ অর্জন সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও সহপাঠীদের মানবিক ও যৌথ প্রচেষ্টার দ্বারা আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক চেতনার এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।