ক্যাম্পাস
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সাইন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার ২৭ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব জানান, ক্লাস শেষে ঢাকা কলেজের একটি বাস সাইন্সল্যাব এলাকা দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসে ইটপাটকেল ছোড়ে। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তারা জানেন না। এ ঘটনায় তাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথাও ফেটেছে বলে দাবি করেন তিনি।
ওই শিক্ষার্থী আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ করে তাদের ওপর হামলা করা হয়। এতে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
অধ্যক্ষ আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষার্থীরা যাতে সংঘর্ষে না জড়ায়, সে জন্য কলেজের শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।