রাজধানী

শাহবাগে সড়ক দুর্ঘটনায় ভবঘুরে নারীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম

শাহবাগে সড়ক দুর্ঘটনায় ভবঘুরে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ভবঘুরে নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরব মুহূর্তে নারীটি হাইকোর্টের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যানবাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় কিছুক্ষণ পড়ে থাকেন।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হামিদ জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।