রাজধানী

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫০ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটির তথ্যমতে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।