রাজধানী

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকে শহরটির অবস্থান সবচেয়ে নিচের দিকে, যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক সংস্থা নাম্বিও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে। তাদের তথ্য অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২—যা দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় শহরের তুলনায় সর্বোচ্চ। বিপরীতে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮, যা শহরটির দুর্বল নিরাপত্তা পরিস্থিতির ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে দেখা গেছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বড় শহরগুলোর তুলনায় ঢাকার অবস্থা খারাপ। সূচক বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দারা বিশেষ করে রাতে বাইরে চলাফেরার ক্ষেত্রে অনিরাপদ বোধ করেন এবং অপরাধের আশঙ্কা সবসময়ই অনুভব করেন।

বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯, যা ঢাকার তুলনায় অনেক বেশি নিরাপদ পরিবেশ নির্দেশ করে।

দক্ষিণ এশিয়ার শহরগুলোর তুলনামূলক চিত্র:

list.jpg


নাম্বিওর বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণতার দিক থেকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ অপরাধ ও নিরাপত্তাহীনতার বিচারে শহরটি বিশ্বের শীর্ষ ১৫ শতাংশ ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় রয়েছে।

দক্ষিণ এশিয়ার তুলনায় নিরাপদ শহরগুলোর মধ্যে ভারতের ম্যাঙ্গালোর ও পাকিস্তানের ইসলামাবাদ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এমনকি করাচি বা লাহোরের মতো শহরও নিরাপত্তা সূচকে ঢাকার চেয়ে এগিয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে জীবনযাত্রার মান, আবাসন, অপরাধ, স্বাস্থ্যসেবা ও যানজটসহ নানা সূচকের ওপর ভিত্তি করে নাম্বিও নিয়মিত এই ধরনের তথ্য প্রকাশ করে থাকে। ২০২৬ সালের সর্বশেষ সূচক ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের উদ্বেগের বার্তা দিচ্ছে।