রাজধানী
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে যুবলীগ কর্মী আটক
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে অর্ণব দাস (৩৭) নামের ওই যুবলীগ কর্মীকে আটক করা হয়। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিরানগরে।
ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। সেখানে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। বাড়িটির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি সড়ক দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
সকাল থেকে ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা জড়ো হন। পাশাপাশি উৎসুক জনতার উপস্থিতিও দেখা যায়।
পুলিশ জানিয়েছে, সকালে ফুল নিয়ে ওই বাড়িতে শ্রদ্ধা জানাতে আসেন অর্ণব দাস। পরে তাকে আটক করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, অর্ণব দাস যুবলীগের সদস্য। তিনি টাঙ্গাইল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।