অর্থনীতি
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়ালো সাড়ে ১২ হাজার কোটি টাকা
সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫শ’ কোটি টাকা।
সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক পর্যায়ে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত পৌঁছেছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা টাকার হিসাবে প্রায় ১২ হাজার ৫শ’ ১২ কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ২০২৫ সালেই বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় ৪১ দশমিক ৫ শতাংশ। অর্থমূল্যে যা ৩ হাজার ৬শ’ কোটি টাকারও বেশি।
২০২৪ সালে এই আমানতের পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ, যা টাকার হিসাবে ৮ হাজার ৮৪৩ কোটির বেশি। ফলে এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এর আগে ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁতে। তবে পরবর্তী দুই বছরে এতে বড় ধরনের পতন দেখা যায় এবং ২০২৩ সালে তা নেমে আসে মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে।
তবে ২০২৪ ও ২০২৫ সালে হঠাৎ এই অর্থ প্রবাহ বৃদ্ধির কোনো ব্যাখ্যা দেয়নি সুইস ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।