অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের ঐতিহাসিক উল্লম্ফন, আউন্সপ্রতি দাম ছাড়াল ৪,৪০০ ডলার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

বিশ্ববাজারে স্বর্ণের ঐতিহাসিক উল্লম্ফন, আউন্সপ্রতি দাম ছাড়াল ৪,৪০০ ডলার
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। একই দিনে রূপার দামও সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক বাড়ায় সোনার বাজারে এই বড় উল্লম্ফন দেখা গেছে।

সোমবার স্পট গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৬ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে সর্বোচ্চ। অপরদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৪৫১ দশমিক ৬০ ডলারে।

চলতি বছরে স্বর্ণ, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের সম্মিলিত দাম প্রায় ৬৮ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির নজির। বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, বৈশ্বিক অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগের প্রবাহ এবং কম সুদের হার এই মূল্যবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।

এদিন স্পট রূপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। সেশনের মধ্যেই রূপার দাম ৬৯ দশমিক ৪৪ ডলারে উঠে নতুন রেকর্ড স্পর্শ করে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত রূপার দাম বেড়েছে প্রায় ১৩৯ শতাংশ। সরবরাহ ঘাটতি, শিল্পখাতে চাহিদা বৃদ্ধি এবং শক্তিশালী বিনিয়োগ প্রবাহ রূপার এই উত্থানকে ত্বরান্বিত করেছে।

অন্যদিকে, প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৭৯ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। প্যালাডিয়ামের দামও ২ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৭৫৯ দশমিক ৭৫ ডলারে, যা প্রায় তিন বছরের উচ্চতম স্তর।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, কম সুদের হার স্বর্ণ ও রূপার মতো বাস্তব সম্পদের চাহিদা বাড়াচ্ছে। তিনি আরও জানান, তামার দামও বর্তমানে রেকর্ড উচ্চতায় রয়েছে, যা ইঙ্গিত দেয় যে বিনিয়োগকারীরা বিভিন্ন পণ্যে এক্সপোজার বাড়াতে চাইছেন। এতে ধারণা করা হচ্ছে, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ধরে উচ্চ থাকতে পারে।

এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান বলেন, মূল্যস্ফীতি শীতল হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো উচিত। তার মতে, কর্মসংস্থানের বাজারে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নীতিগত শিথিলতা এখন প্রয়োজন।

সূত্র: রয়টার্স