অর্থনীতি
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আগামী সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৭ হাজার ২৩২ টাকা। এটিও দেশের বাজারে রুপার সর্বোচ্চ মূল্য হিসেবে উল্লেখ করেছে বাজুস।
বাজুস জানায়, স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।