অর্থনীতি

চুয়াডাঙ্গায় তেল বিতরণে শৃঙ্খলা আনতে চালু হচ্ছে ফুয়েল কার্ড


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

চুয়াডাঙ্গায় তেল বিতরণে শৃঙ্খলা আনতে চালু হচ্ছে ফুয়েল কার্ড
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ফিলিং স্টেশনগুলোতে তেল কিনতে জেলা প্রশাসন থেকে ক্রেতাদের দেওয়া হবে ফুয়েল কার্ড। এ কার্ডের মাধ্যমে তেল ক্রয় বাধ্যতামূলক করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান এবং বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, আগামীকাল সোমবার (৩০ মার্চ) চুয়াডাঙ্গা জেলার সকল তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া, আগামী ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নির্ধারিত কার্ড ছাড়া তেল ক্রয় করা যাবে না।

ফুয়েল কার্ড আগামী ৩০ ও ৩১ তারিখ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে প্রদান করা হবে। এ সময় আবেদনকারীদের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পেপার এবং এক কপি ছবি সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে।

সভায় প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।