অর্থনীতি

ইরানকে ঘিরে উত্তেজনা, বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

ইরানকে ঘিরে উত্তেজনা, বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, দুই ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী ছিল।

শুক্রবার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৯ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২৭ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ১৪ ডলারে বিক্রি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উত্থান দেখা যায়। ইরানে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি এবং আরও প্রায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবর প্রকাশের পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে।

এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। ইরানকে একটি ‘খুবই ন্যায্য’ চুক্তিতে সই করতে হবে, অন্যথায় দেশটির অস্তিত্ব নিয়ে হুমকিও দেন তিনি।

এদিকে অক্টোবর মাসে চীন বেশির ভাগ জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্বের অন্যতম বড় জ্বালানি বাজার হিসেবে চীনের এই সিদ্ধান্ত বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সৌদি আরবের তেল রপ্তানি পুনরায় বাড়তে শুরু করায় সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে। পাশাপাশি ইউরোপের দেশগুলোকে জরুরি ডিজেল মজুত থেকে জ্বালানি বাজারে ছাড়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে বলেও জানা গেছে।

এসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হলেও মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি এবং নতুন করে সংঘাতের আশঙ্কা তেলের বাজারে অস্থিরতা বজায় রেখেছে।