রাজধানী
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি মদের গুদাম সিলগালা
রাজধানীর গুলশানে অনুমোদনবহির্ভূত গুদামে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি গুদাম সিলগালা করেছে যৌথ অভিযান পরিচালনাকারী দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে দক্ষিণ গুলশানের টস বন্ড প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিশেষ প্রতিক্রিয়া ব্যাটালিয়ন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক পরিদর্শনে গুরুতর অসঙ্গতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য গুদামগুলো সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী দলের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদাম ছিল দুটি। তবে সরেজমিন পরিদর্শনে মোট চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত সীমার বাইরে অতিরিক্ত দুটি গুদামে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
বিশেষ করে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য যেন অননুমোদিত স্থান থেকে সরিয়ে নেওয়া বা অপসারণ করা না যায়, তা নিশ্চিত করতে গুদামগুলো সিলগালা করা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেও এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত ও যাচাইবাছাই চলছে। তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে পরবর্তী অগ্রগতি জানানো হবে।