সারাদেশ

তিন মাস ধরে খুঁজেও পাননি স্ত্রীকে, একটি ভিডিও বদলে দিল স্বামীর জীবন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

তিন মাস ধরে খুঁজেও পাননি স্ত্রীকে, একটি ভিডিও বদলে দিল স্বামীর জীবন
ছবি: সংগৃহীত

তিন মাস আগে নিখোঁজ হওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে অবশেষে খুঁজে পেয়েছেন এক স্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকা থেকে স্ত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। দীর্ঘদিন পর স্বামী-স্ত্রীর আবেগঘন পুনর্মিলনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কনটেন্ট নির্মাতা রবিউল হক। তিনি ‘ভয়েস অব রবিউল ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর ভিডিও প্রকাশ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে খুঁজতে আত্মীয়স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল ও মাজারসহ বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তার স্বামী। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি।

অন্যদিকে, নিখোঁজ ওই নারী নিজের নাম ও ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। একপর্যায়ে তাকে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন তিনি।

এ সময় ওই নারীকে দেখতে পান স্থানীয় কনটেন্ট নির্মাতা রবিউল হক। তার অসহায় অবস্থার কথা তুলে ধরে পরিচয় শনাক্তের উদ্দেশ্যে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাশাপাশি ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একপর্যায়ে তা ওই নারীর স্বামীর নজরে আসে। ভিডিও দেখে স্ত্রীকে শনাক্ত করেন তিনি। পরে পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গত ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকায় গিয়ে স্ত্রীর সন্ধান পান।

দীর্ঘদিন পর স্ত্রীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। স্বামীকে দেখে ওই নারীও তাকে চিনতে পারেন। এরপর স্ত্রীকে বুকে জড়িয়ে নেন তিনি। এ সময় উপস্থিত স্থানীয় লোকজনও আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।

স্ত্রীকে ফিরে পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই ব্যক্তি। দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

গত ২৯ সেপ্টেম্বর স্বামী-স্ত্রীর পুনর্মিলনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হন। একই সঙ্গে ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কনটেন্ট নির্মাতা রবিউল হকের প্রশংসা করেন অনেকে।

রবিউল হক জানান, রাস্তার পাশে ওই নারীকে অসহায় অবস্থায় দেখে তার খুব কষ্ট হয়। তখনই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। পরে ওই নারীর স্বামী ভিডিও দেখে যোগাযোগ করেন এবং সিংগাইরে এসে স্ত্রীকে বাড়িতে নিয়ে যান।

ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজেও আনন্দিত বলে জানান রবিউল হক।