অর্থনীতি
তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম, ভরিতে কত?
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তিন দফা দাম কমার পর এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা করা হয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।
ফলে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমার পর এবার আবার দাম বাড়ানো হলো।