সারাবিশ্ব

ভারতে তর্কের জেরে সহকর্মীদের ওপর গুলি, কমান্ডারসহ নিহত ৪


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম

ভারতে তর্কের জেরে সহকর্মীদের ওপর গুলি, কমান্ডারসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় নিজ বাহিনীর এক সদস্যের গুলিতে কমান্ডারসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক সদস্য তর্কের জেরে সহকর্মীদের ওপর গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা পাওয়ার প্রকল্পে মোতায়েন সিআইএসএফ ইউনিটে এ ঘটনা ঘটে। সেবা পাওয়ার প্রকল্পটি সেবা নদীর তীরে অবস্থিত একটি জলবিদ্যুৎকেন্দ্র।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুলিতে কোম্পানি কমান্ডার ও এক উপপরিদর্শকসহ মোট চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, উপপরিদর্শক লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।

অভিযুক্ত হামলাকারী হিসেবে হেড কনস্টেবল অবদেশ কুমার সিংয়ের নাম জানা গেছে। সিআইএসএফের তথ্য অনুযায়ী, তিনি অফিস চত্বরে ঢুকে একে ৪৭ রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল বলে জানা গেছে।

গুলিতে আহত চার জওয়ানকে হিমাচল প্রদেশের জাতীয় জলবিদ্যুৎ করপোরেশনের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।