সারাদেশ
চট্টগ্রামে ১০ মাসেই কোরআনের হাফেজ ৯ বছরের শিশু আরহাম
মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ৯ বছর বয়সী শিশু আরহাম ভূঁইয়া। খেলাধুলার বয়সেই পুরো কোরআন মুখস্থ করে প্রশংসা কুড়িয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ের এই ক্ষুদে শিক্ষার্থী।
আরহাম ভূঁইয়া চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের ওহিদুল ইসলাম ভূঁইয়ার একমাত্র ছেলে। সে দারুন্নাজাত আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী।
২০২৫ সালের ১ অক্টোবর কোরআন হিফজ শুরু করে আরহাম। এরপর নিজের মেধা, প্রখর স্মৃতিশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র ১০ মাসে, ২০২৬ সালের ৩০ জুন পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে সে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, সাধারণ শিক্ষার্থীরা প্রতিদিন এক থেকে দুই পৃষ্ঠা পড়া শোনালেও আরহাম নিয়মিত চার থেকে সাত পৃষ্ঠা পর্যন্ত পড়া শোনাত। তার একাগ্রতা ও পড়ার প্রতি আগ্রহ এতটাই বেশি ছিল যে, তাকে বাড়তি চাপ দিতে হয়নি।
আরহাম ও তার সহপাঠীদের এই কৃতিত্ব উদযাপনে মাদ্রাসায় দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যতে একজন হক্কানি আলেম হয়ে সমাজে কোরআন ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়াই এই ক্ষুদে হাফেজের স্বপ্ন।