জাতীয়

এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি করতে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস ছিল। তবে এদিনও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটির সমন্বয়ে পরবর্তী সময়ে একটি শনিবার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে হতে পারে। এ শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।