সারাদেশ

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম ও মো. খোকন মিয়াসহ ২৫ জন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে হাটের ডাককে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ৩৩ জনকে আসামি করা হয়।

মামলার ২৫ আসামি পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সকালে তারা নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, মামলার আসামিরা ওই ঘটনার সঙ্গে জড়িত নন। হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ নিয়ে আগে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও গণমাধ্যম সম্পাদক জহিরুল ইসলাম বলেন, পূর্বধলার একটি মিথ্যা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন, আইনিভাবে মামলাটি মোকাবিলা করা হবে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ধারায় করা একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেত্রকোনা ৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার অভিযোগ, জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।