সারাদেশ

টাঙ্গাইলে স্ত্রী বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

টাঙ্গাইলে স্ত্রী বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী আটক
টাঙ্গাইলে স্ত্রী বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী আটক। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তরী নামে ১৮ বছর বয়সী এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ রোমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রোমানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরী ওই গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামের ইন্টারনেট ব্যবসায়ী রোমানের সঙ্গে পারিবারিকভাবে তরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে পরিবারের অভিযোগ।

তরীর মা সাহানাজ বেগম অভিযোগ করেন, বিয়ের সময় সাত ভরি স্বর্ণ ও মোটা অঙ্কের নগদ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল। পরে রোমান মোবাইলে জুয়া খেলে এসব অর্থ নষ্ট করে ফেলেন। এরপর আরও টাকা এনে দেওয়ার জন্য তরীর ওপর চাপ দেওয়া হতো। টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তাকে মারধর, নির্যাতন ও গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সাহানাজ বেগমের ভাষ্য, নির্যাতন সহ্য করতে না পেরে গত শুক্রবার শাশুড়িকে জানিয়ে তরী বাবার বাড়িতে চলে আসেন। মঙ্গলবার বিকেলে রোমান সেখানে গিয়ে তরীকে তার সঙ্গে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য চাপ দেন। তরী যেতে রাজি না হলে তার সামনেই তাকে কয়েক দফা মারধর করেন রোমান। পরে রাতে দুজন একটি কক্ষে ঘুমাতে যান।

মধ্যরাতে তরীর চিৎকার শুনে সাহানাজ বেগম নিচে গিয়ে কক্ষটির দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে তরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে ভোররাতে তরীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেউলাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ বলেন, স্বামীর নির্যাতনে তরীর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার পর তিনি তরীর বাড়িতে গিয়ে পুলিশকে খবর দেন। স্থানীয়দের কাছ থেকে তিনি তরীর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন থাকার কথা জানতে পেরেছেন।

এদিকে ঘটনার পর রোমান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ঘাটাইল ও মধুপুর থানার পুলিশ দুই থানার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান বলেন, অভিযুক্ত রোমানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।