সারাদেশ

দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল রাজমিস্ত্রীর


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল রাজমিস্ত্রীর
দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল রাজমিস্ত্রীর। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠু (৩২) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন নামে আরও একজন আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দর্শনার লোকনাথপুর পরানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পরানপুর থেকে লোকনাথপুরের দিকে যাচ্ছিলেন মিঠু ও আল আমিন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মিঠু নিহত হন।

নিহত মিঠু পরানপুর গ্রামের বেলেমাঠপাড়ার এনামুলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আল আমিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।