ফিচার
কাশফুলের শুভ্রতায় গ্রামবাংলায় ফুটে উঠেছে শরতের রূপ
শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর মৃদু বাতাসে দুলতে থাকা শুভ্র কাশফুল প্রকৃতির অপরূপ সাজে মুগ্ধ এখন কলাপাড়ার মানুষ। সবুজের বুকজুড়ে ফুটে থাকা সাদা কাশফুল যেন দূর থেকে বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক ও পায়রা বন্দর-সংলগ্ন এলাকায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় একটি পরিত্যক্ত জমি ও পায়রা বন্দর-সংলগ্ন এলাকা এখন পরিণত হয়েছে কাশফুলের রাজ্যে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটে থাকা কাশফুল বাতাসের সঙ্গে দুলে তৈরি করছে দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক দৃশ্য। শরতের এই সৌন্দর্য দেখতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালের কোমল রোদে কাশফুলগুলো যেন আরও ঝলমল করছে। হালকা বাতাসে সারি সারি কাশফুল একসঙ্গে দুলছে। প্রকৃতির এই শুভ্র আয়োজন দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেড়াতে আসছেন এখানে।
কাশবনের শুভ্রতার সঙ্গে নির্মল বাতাস উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের অনেকেই মুঠোফোনের ক্যামেরায় ধারণ করছেন মনোরম দৃশ্য। কাশফুলের মাঝে ছবি তুলতে ব্যস্ত দেখা যায় তরুণ-তরুণী, শিশু ও পরিবারের সদস্যদের। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্যও অনেকে ধারণ করছেন ছবি ও ভিডিও।
সকালের সৌন্দর্যের পাশাপাশি বিকেলেও বদলে যায় কাশবনের রূপ। বিকেলের নরম রোদে সাদা কাশফুলের ওপর পড়ে সোনালি আভা। সূর্যাস্তের সময় দিগন্তজোড়া কাশবন হয়ে ওঠে আরও মোহনীয়। তখন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর শরৎ মৌসুমে এই এলাকায় কাশফুল ফুটলে দূর-দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসেন। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে। শিশুদের নিয়ে পরিবারগুলো যেমন আনন্দ করছে, তেমনি তরুণ-তরুণীরাও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসছেন।
দর্শনার্থী মুশফিকুর রহমান বলেন, “শহরের ব্যস্ততা ও কোলাহলের মধ্যে এমন প্রাকৃতিক পরিবেশ সত্যিই প্রশান্তি দেয়। কাশফুলের শুভ্রতা আর খোলা বাতাসে কিছু সময় কাটালে মন ভালো হয়ে যায়। প্রকৃতির এমন নির্মল আয়োজন মানুষের ব্যস্ত জীবনে এনে দেয় স্বস্তির পরশ।”
শরতের কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, এর সঙ্গে মিশে আছে বাংলার ঋতুবৈচিত্র্য, শৈশবের স্মৃতি ও মাটির প্রতি মানুষের গভীর টান। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পদচারণায় মুখর কাশবন যেন প্রকৃতির ভাষায় বলে চলেছে—শরৎ এসেছে, বাংলার প্রকৃতি সেজেছে তার চিরচেনা শুভ্র সাজে।