ফিচার
লেগোর ১১ হাজার ৬৯৫ টুকরায় পৃথিবীর মানচিত্র, বিশ্ব রেকর্ড দুই বন্ধুর
লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট টুকরা জোড়া দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু। মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে পুরো মানচিত্রটি তৈরি করে গিনেস বিশ্ব রেকর্ডসে নাম লিখিয়েছেন আথেনা লিওং ও সেভি সুইফট।
লেগো প্লাস্টিকের তৈরি এক ধরনের বিশেষ খেলনা, যার ছোট ছোট অংশ একটির সঙ্গে আরেকটি জুড়ে বিভিন্ন আকৃতি তৈরি করা যায়। বাড়ি, গাড়ি, রোবট থেকে শুরু করে নানা ধরনের অবয়ব তৈরিতে এটি ব্যবহার করা হয়।
গত ১২ এপ্রিল ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড শহরের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি খেলনার দোকানে বিশ্ব রেকর্ড গড়ার এই চ্যালেঞ্জে অংশ নেন আথেনা ও সেভি। গিনেস বিশ্ব রেকর্ডস কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা আগেই তারা কাজটি শেষ করেন।
এই রেকর্ড গড়ার আগে প্রায় এক মাস ধরে নিয়মিত অনুশীলন করেন দুই বন্ধু। ছোটবেলা থেকেই লেগোর প্রতি আথেনার বিশেষ আগ্রহ ছিল। পরে সেভির সঙ্গে পরিচয়ের পর দুজনের মধ্যে লেগোর প্রতি ভালোবাসার মিল তৈরি হয়।
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে বিশ্ব রেকর্ড গড়ার ধারণাটি প্রথম আথেনার মাথায় আসে। গিনেস বিশ্ব রেকর্ডসকে তিনি জানান, ছোটবেলায় লেগো তাকে নিজের কল্পনাশক্তি প্রকাশের সুযোগ করে দিয়েছিল। সেভির সঙ্গে পরিচয়ের পর তিনি জানতে পারেন, লেগোর প্রতি তারও একই রকম আগ্রহ রয়েছে।
এর আগে এককভাবে দ্রুততম সময়ে লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র তৈরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি ফারকাশের দখলে। ২০২৩ সালে তিনি ৭ ঘণ্টা ৯ মিনিট ৪১ সেকেন্ডে মানচিত্রটি তৈরি করেছিলেন। আথেনা ও সেভি দলীয় বিভাগে নতুন রেকর্ড গড়লেও ক্ল্যারি ফারকাশের একক বিভাগের রেকর্ডটি এখনো অক্ষুণ্ন রয়েছে।