সারাদেশ
নারায়ণগঞ্জে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ‘মেন্টাল মানিক’ ওরফে নয়নকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মানিক ফতুল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় তাকে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা যায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফতুল্লা থানার উপপরিদর্শক খালেদুজ্জামান বলেন, মানিকের বিরুদ্ধে তিনটি মামলা পাওয়া গেছে। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং অপরটি মারামারি সংক্রান্ত মামলা। এসব মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন।