সারাদেশ
শার্শা সীমান্তে সাড়ে ৩ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে স্বর্ণের বারসহ রিপন হোসেনকে আটক করা হয়।
আটক রিপন হোসেনের বয়স ৪১ বছর। তিনি বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটে অভিযান চালায়। এ সময় রিপন হোসেনকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের বারগুলো পরীক্ষা করে খাঁটি এবং ২৪ ক্যারেটের বলে নিশ্চিত করা হয়েছে। এসব স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
২১ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।