বিনোদন
তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। মঙ্গলবার দুপুরে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় তিনি লেখেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’।
সালমানের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। পোস্টটির মন্তব্যের ঘরে বিভিন্নজন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি চুপ থাকলে হবে না, লড়াই করতে হবে। তোমার পাশে আমরা আছি।’
আরেকজন লিখেছেন, ‘আপনি ভালো না হলেই ভালো ভাই।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘ভালো হওয়ার দরকার নাই।’ অপর একজনের মন্তব্য, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।’
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও।
ঘটনার পর সরাসরি ভিডিওতে এসে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান। সেখানে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়েছে। পরে স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।