সারাদেশ

ভৈরবে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

ভৈরবে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। জীবিকার প্রয়োজনে প্রায় দুই বছর সিঙ্গাপুরে ছিলেন তিনি। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন বলে জানিয়েছেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

স্বজন ও স্থানীয়দের দাবি, সোমবার রাতে ঘর থেকে ডেকে নিয়ে রোকনের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে তাকে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

মঙ্গলবার সকালে বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।