জাতীয়

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদের পক্ষে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদের পক্ষে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বৈরতান্ত্রিকতা ঠেকাতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন প্রস্তাবের পক্ষে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংসদের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাবকে কেউ কেউ অগণতান্ত্রিক ও জনগণের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে মনে করছেন। তবে তাদের দলের পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিলেন, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা ঠেকাতেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকার এখনো সেই অবস্থান থেকে সরে যায়নি। তবে সংসদে বিরোধী দল বা অন্য কোনো পক্ষ থেকে নতুন প্রস্তাব এলে তা নিয়ে আলোচনা হতে পারে।

তিনি জানান, গত রোববার ও মঙ্গলবার গণমাধ্যমের সম্পাদক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিশেষ কমিটি। এসব আলোচনায় সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিস্তৃত প্রস্তাব পাওয়া গেছে।

সংবিধানের অন্যান্য সংশোধনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্বাধীনতা, সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তনের প্রস্তাব এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও রূপরেখা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও উন্মুক্ত আলোচনা ও প্রস্তাব প্রয়োজন বলে জানান তিনি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একক রাষ্ট্রব্যবস্থার দেশ। তাই দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে কেউ কেউ মতামত দিয়েছেন। তবে জুলাই জাতীয় সনদে এ বিষয়ে ঐকমত্য থাকায় সেই অনুযায়ী এগিয়ে যেতে চায় সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার দ্বার সবার জন্য উন্মুক্ত। গণমাধ্যমের মাধ্যমে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই জাতীয় সনদের কোনো বিষয়ে বিরোধী দলের ভিন্নমত থাকলে সমঝোতার ভিত্তিতে তা নিয়ে আলোচনা করা যেতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।