রাজনীতি

চাঁদাবাজির ‘দোসর’ দাবি করে ৫ জনের নাম প্রকাশ পাটওয়ারীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

চাঁদাবাজির ‘দোসর’ দাবি করে ৫ জনের নাম প্রকাশ পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির ‘দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবে দেওয়া এক পোস্টে পাঁচজনের নাম উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী তার পোস্টে লেখেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার সময় এসেছে। এরপর তিনি পাঁচজনের নাম উল্লেখ করেন।

নামগুলো হলো পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

পাটওয়ারী তার পোস্টে আরও যাদের নাম তালিকায় থাকা উচিত বলে মনে করেন, তাদের নাম মন্তব্যের ঘরে জানানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আহ্বান জানান।

পরে মন্তব্যের ঘরে রাশেদ, রেজাউল, রনি ও শাহেদ আলম নামের চারজনকে উল্লেখ করে তাদের আরও এক ধাপ নিচের সারির লোক বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তাদের ‘চামচা’ হিসেবে উল্লেখ করে আলাদা করে তালিকাভুক্ত করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন পাটওয়ারী।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

এর আগে সোমবার চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীতে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেন।