সারাবিশ্ব

দক্ষিণ লেবানন ও গাজার ভূখণ্ড দখলের পরিকল্পনা, ইসরায়েলের বিরুদ্ধে কাতারের তীব্র ক্ষোভ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

দক্ষিণ লেবানন ও গাজার ভূখণ্ড দখলের পরিকল্পনা, ইসরায়েলের বিরুদ্ধে কাতারের তীব্র ক্ষোভ
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন ও গাজা উপত্যকার কিছু অংশ ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে ইসরায়েলি বক্তব্যের তীব্র নিন্দা ও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে কাতার। দোহার দাবি, এ ধরনের অবস্থান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের স্বীকৃত প্রস্তাবগুলোর প্রতি সরাসরি অবমাননার শামিল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবানন ও গাজার ভূখণ্ড নিয়ে ইসরায়েলের সম্প্রসারণবাদী বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারের ভাষ্য অনুযায়ী, অন্য দেশের ভূখণ্ড দখল বা নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে ইসরায়েলের কথিত ‘সম্প্রসারণবাদী পরিকল্পনা’ এবং অবৈধ বসতি স্থাপন নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান প্রকাশ করেছে দোহা। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও বৈধ আকাঙ্ক্ষার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে দোহা অবিলম্বে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। কাতারের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পূর্ব জেরুজালেম হবে ওই রাষ্ট্রের রাজধানী।

এদিকে, দক্ষিণ লেবানন ইস্যুতেও লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে কাতার। দেশটির ভূখণ্ডের ওপর লেবাননের পূর্ণ ও সার্বভৌম অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়ে দোহা বলেছে, কোনো রাষ্ট্রের ভূখণ্ড দখল বা তার সীমানা পরিবর্তনের প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুতর উদ্বেগের বিষয়।

কাতারের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ভূখণ্ডগত বিরোধ নিয়ে দেশটির আগের অবস্থানেরই ধারাবাহিকতা। দোহা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে আসছে। নতুন এই বিবৃতির মাধ্যমে ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণসংক্রান্ত যেকোনো পরিকল্পনার বিরুদ্ধেও নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে কাতার।