সারাদেশ
জমি কিনে হয়রানির শিকার স্কুল শিক্ষক
কুষ্টিয়ার মিরপুরে জমি কিনে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. ইদবার হোসেন নামে এক স্কুল শিক্ষক। তাঁর দাবি, বৈধভাবে জমি কেনার পরও একটি মহল ওই সম্পত্তি নিজেদের দাবি করে বিভিন্নভাবে তাঁকে হয়রানি করছে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি বলে জানিয়েছেন তিনি।
মো. ইদবার হোসেন মিরপুর উপজেলার কাতলামারি গ্রামের বাসিন্দা। তিনি কেএইচ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আপন মামা রফাত আলী, কিতাব আলী ও খালা তহিমা খাতুনের কাছ থেকে প্রায় ১৭ কাঠা জমি ক্রয় করেন ইদবার হোসেন। এর মধ্যে তাঁর মায়ের ওয়ারিশসূত্রে পাওয়া অংশও রয়েছে বলে দাবি তাঁর।
তবে জমি কেনার পর থেকেই তাঁর অপর শরিকরা ওই সম্পত্তি নিজেদের দাবি করে বিরোধ সৃষ্টি করছেন বলে অভিযোগ ইদবার হোসেনের। বিভিন্ন সময় তাঁকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ইদবার হোসেনের দাবি, বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি।
সম্প্রতি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরে নিজের ক্রয়কৃত সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এই স্কুল শিক্ষক। তবে এ বিষয়ে অভিযুক্ত অপর শরিকদের বক্তব্য জানা যায়নি।