সারাবিশ্ব

বাংলাদেশি বিরল রোগের ওষুধ ও কাঁচামালে যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক সুবিধা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম

বাংলাদেশি বিরল রোগের ওষুধ ও কাঁচামালে যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক সুবিধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের নির্দিষ্ট পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক চিকিৎসা এবং জিনভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানও এ সুবিধা পাবে।

বাংলাদেশ ছাড়াও শূন্য শুল্কের তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন ও ভিয়েতনাম।

বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের কাঁচামালের আমদানি সমন্বয়ের জন্য এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে এ শুল্ক ছাড় দেওয়া হয়েছে। একই ঘোষণায় নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ ও কাঁচামালের ওপর শতভাগ শুল্ক আরোপের কথা বলা হয়েছিল। এ শুল্ক ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

তবে নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শতভাগ শুল্ক আরোপের প্রস্তুতিও চলছে।

মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে এ শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং এর সংশ্লিষ্ট উপাদানগুলো ২৩২ ধারার ওষুধ শুল্কের আওতাভুক্ত নয়।

বিজ্ঞপ্তিতে মূল ঘোষণাপত্রে বেশ কিছু কারিগরি সংশোধনও আনা হয়েছে। এর মধ্যে জেনেরিক ওষুধ সামগ্রীর সংজ্ঞা সংশোধন করে পেটেন্টবিহীন পশু চিকিৎসার পণ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে আরও স্পষ্ট করা হয়েছে, ওষুধ সামগ্রীর সংজ্ঞার মধ্যে প্রস্তুতকৃত ওষুধ, সেগুলোর সক্রিয় ঔষধীয় উপাদান এবং এসব উপাদান তৈরির মূল কাঁচামাল অন্তর্ভুক্ত থাকবে।