সারাদেশ
সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপায় দুই হত্যা: মামলায় বাবা-ছেলে গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে মাইক্রোবাস দিয়ে মোটরসাইকেল চাপা দিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলযোগে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতের উদ্দেশে যাচ্ছিলেন।
পথে তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রোকনুজ্জামান ও নাসির উদ্দীন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী এলাকায় অভিযান চালায় সলঙ্গা থানা পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে বাবা-ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।