সারাদেশ
মন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা সালাম পারভেজ ফকিরের দাফন সম্পন্ন
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, গীতিকার এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা।
মঙ্গলবার বাদ জোহর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয় মাঠে সালাম পারভেজ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিকরাইলের নলুয়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজায় মন্ত্রী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় স্মৃতিচারণ করে ফকির মাহবুব আনাম বলেন, সালাম পারভেজ ফকির তার চাচা হলেও বন্ধুর মতো ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা ছিলেন। ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছেন এবং তার সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ পাওয়া গেছে, সালাম পারভেজ ফকির তাদেরই একজন। তিনি তার চাচার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সালাম পারভেজ ফকির বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় সদস্য ছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।