সারাবিশ্ব
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বন্ধ সরবরাহ
সিরিয়ার পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ একটি গ্যাস পাইপলাইনে নাশকতামূলক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভোরে সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সোমবার সন্ধ্যায় আল শৌলা ও দেইর এজোরের মধ্যবর্তী এলাকায় থাকা পাইপলাইনে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগুনের কারণে আল জাবসাহ গ্যাস কারখানা থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
এমন এক সময়ে নাশকতার ঘটনা ঘটল, যখন আঞ্চলিক সংঘাতের প্রভাবে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সিরিয়াজুড়ে জনঅসন্তোষ ও বিক্ষোভ চলছে।
দীর্ঘ গৃহযুদ্ধের কারণে সিরিয়ার জ্বালানি অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে প্রতিদিন প্রায় দুই কোটি ৫০ লাখ ঘনমিটার গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ৮৫ লাখ ঘনমিটার।