অর্থনীতি

৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের সীমা বাড়লো


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের সীমা বাড়লো
ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়ার পথে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের জন্য বড় ধরনের স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানত ফেরতের ক্ষেত্রে আগে নির্ধারিত ১০ লাখ টাকার সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আমানত ফেরতের সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চারটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যক্তি আমানতকারী, প্রভিডেন্ট ফান্ড, ট্রাস্ট এবং সমবায় সমিতির আমানতকারীরা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত তাদের মূল আমানত ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

তবে যেসব গ্রাহকের আমানতের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে পুরো অর্থ একসঙ্গে ফেরত দেওয়া হবে না। ৫০ লাখ টাকার অতিরিক্ত অংশের ক্ষেত্রে মূল আমানতের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতে আস্থার সংকট আরও গভীর হওয়া ঠেকাতেই আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট চারটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৯৭ শতাংশ আমানতকারী তাদের সম্পূর্ণ আমানত ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

পিকে হালদারের আলোচিত আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়ম ও আর্থিক সংকটের কারণে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং আভিভা ফাইন্যান্স-এই চারটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলো অবসায়নের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হওয়ায় এর আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে ১০ লাখ টাকার বেশি আমানত থাকা গ্রাহকদের মূল অর্থের একটি অংশ কেটে রাখার বিষয়টি সামনে আসে। এতে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পরবর্তীতে আমানতকারীদের স্বার্থ ও আর্থিক খাতে স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আমানত ফেরতের সীমা ৫০ লাখ টাকা পর্যন্ত বাড়ানো হলো। বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানের অধিকাংশ আমানতকারী তাদের জমা করা অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় বড় সুবিধা পাবেন।