অর্থনীতি

নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যমান নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী হলেও তা এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে থাকায় আপাতত সুদহারে কোনো পরিবর্তন আনেনি কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির গতিপ্রকৃতি, জিডিপি প্রবৃদ্ধি এবং দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন ঝুঁকি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, দেশে সার্বিক মূল্যস্ফীতিতে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও এর হার ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার এখনো ওপরে রয়েছে। ফলে মূল্যস্ফীতির ওপর নতুন করে কোনো চাপ তৈরি হয় কি না, তা পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নীতি সুদহার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথ বেছে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে আন্তর্জাতিক বাজারেও জ্বালানি পণ্যের দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। এর প্রভাবে দেশে জ্বালানির দাম বাড়লে পরিবহন, উৎপাদন ও অন্যান্য খাতে ব্যয় বাড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

এর পাশাপাশি দেশে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাবও মূল্যস্ফীতির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব অভ্যন্তরীণ ও বৈশ্বিক কারণের প্রভাব অর্থনীতিতে কীভাবে পড়ে, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক (সিপিআই) মূল্যস্ফীতির গতিপ্রকৃতি কোন দিকে যায়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার হলো অর্থনীতিতে ঋণের খরচ ও আর্থিক বাজারের সুদের হারের ওপর প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত অর্থের প্রবাহ ও ঋণ গ্রহণের পরিস্থিতিতে প্রভাব ফেলে। তাই নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সতর্ক ও পর্যবেক্ষণমূলক অবস্থান বজায় রাখছে।

এর আগে গত জুলাইয়ে নীতি সুদহার কমিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার সেটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। ভবিষ্যতে মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির পরিবর্তন বিবেচনা করে নীতি সুদহারে আবারও পরিবর্তন আনা হতে পারে।

মুদ্রানীতি কমিটির সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে. মুজেরি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির অন্যান্য সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।