অর্থনীতি

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবারও খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবারও খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংক
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ ব্যাংকিং কার্যক্রমের নির্ধারিত সময়ের বাইরে হলেও হজ নিবন্ধনকারীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য খোলা থাকবে। নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ শাখায় অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত নিরাপদে এবং নির্বিঘ্নে টাকা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা সংক্রান্ত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে হজের নিবন্ধন ফি জমা দিতে নিবন্ধনকারীদের জন্য অতিরিক্ত দুই দিন ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।