জাতীয়

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। বিশেষ করে শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিনের প্রাপ্যতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ সময় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার বিষয়টি তুলে ধরা হয়। প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীর জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সমন্বিত একটি আধুনিক ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্বাস্থ্যসেবার তথ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং জনগণের কাছে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন, জনস্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে শিশু ও মাতৃস্বাস্থ্যসহ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।