জাতীয়
রোহিঙ্গা সংকট নিরসনে স্থায়ী সমাধানের তাগিদ প্রধানমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা বাস্তুচ্যুতির অবসান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সংকটের মূল কারণ চিহ্নিত করে তা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-এ ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক এই উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে সৃষ্ট মানবিক সংকটের পাশাপাশি তাদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সাময়িক ব্যবস্থাপনার পরিবর্তে এর একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, শুধু প্রত্যাবাসনের উদ্যোগ নিলেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। সংকটের পেছনে থাকা মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, প্রত্যাবাসন, মানবাধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। ফলে তাদের প্রত্যাবাসন ও সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও মানবিক ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মতো আন্তর্জাতিক ফোরামে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হচ্ছে।