জাতীয়

আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর, দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর একটি হিসেবে আয়োজিত এ বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার সুযোগ তৈরি হয়।

বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক জনহিতকর সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক উদ্যোগে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

প্রাতরাশ বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকটবিষয়ক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক এ আয়োজনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা গুরুত্ব পাবে।

এ ছাড়া বুধবার প্রধানমন্ত্রীর ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ন্যায়সংগত রূপান্তর এবং জলবায়ু-সহনশীল উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটি হবে তাঁর প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরের কর্মসূচিতে মানবিক সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও অংশীদারদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।