সারাদেশ

ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকিতে বসতভিটা-ফসলি জমি, জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকিতে বসতভিটা-ফসলি জমি, জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্বকঞ্চিপাড়া (খোলাবাড়ী) ও উত্তর উড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্বকঞ্চিপাড়া ও উত্তর উড়িয়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন। এ সময় ভাঙনকবলিত এলাকার মানুষ তাদের দুর্ভোগ ও আশঙ্কার কথা তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন তীব্র হওয়ায় প্রতিনিয়ত নতুন নতুন এলাকা ঝুঁকির মধ্যে পড়ছে। এতে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও কৃষিজমি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়মতো ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি ও স্রোত বৃদ্ধি পেলে ভাঙনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে বসতভিটা ও আবাদি জমির পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা আরও বলেন, নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ দিন দিন বাড়ছে। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিলম্ব না করে ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধন থেকে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।