রাজধানী

ছাদে পানির ট্যাংকে খেলতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের আলিফের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

ছাদে পানির ট্যাংকে খেলতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের আলিফের
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে ছাদের পানির ট্যাংকের ওপর খেলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মো. আলিফ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পূর্ব ইসলামবাগ এলাকার একটি সাততলা ভবনের ছাদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ কবিরের ছেলে। পরিবারের সঙ্গে রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকত সে। আলিফ স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

আলিফের খালাতো ভাই সিয়াম জানান, বৃহস্পতিবার বিকেলে আলিফ বাসার সাততলার ছাদে খেলছিল। খেলার একপর্যায়ে সে ছাদের পানির ট্যাংকের ওপরে উঠে যায়। সেখানে থাকা অবস্থায় হঠাৎ তার পা পিছলে যায় এবং সে ট্যাংক থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত আলিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট আলিফের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে শোকের পরিবেশ।