রাজধানী

গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিজানুর রহমান রিপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। এ ছাড়া রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে রিপন শেখকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী তদন্তে মিছিলটির নেতৃত্ব ও সংশ্লিষ্টতার বিষয়ে রিপন শেখের নাম উঠে আসে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রিপন শেখের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি হিসেবে রয়েছেন।

সূত্র আরও জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তিনি কারাগারে থাকলেও তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন এলাকায় তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এসব কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে রিপন শেখের ভূমিকা ছিল বলে সূত্রের দাবি।

এদিকে রাজধানীর নয়াপল্টনে রিপন শেখের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে বলেও জানা গেছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন ধরনের প্রচারসামগ্রী তৈরি করা হতো বলে সূত্র জানিয়েছে। পরে এসব প্রচারসামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হতো বলে জানা গেছে।

গুলশানের ঝটিকা মিছিলের ঘটনায় রিপন শেখের গ্রেফতারের পর তার রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন প্রচারসামগ্রী তৈরির বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে।