জাতীয়

জন্মনিয়ন্ত্রণে জোর, আগামী মাস থেকে ব্যাপকভাবে পিল বিতরণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

জন্মনিয়ন্ত্রণে জোর, আগামী মাস থেকে ব্যাপকভাবে পিল বিতরণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে ব্যাপকভাবে জন্মনিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদান এবং টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণের পিলসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ব্যাপকভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

স্বাভাবিক প্রসবের বিষয়ে মন্ত্রী বলেন, মায়েদের স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে নতুন নতুন ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে দালালদের প্ররোচনায় যাতে কোনো মাকে অপ্রয়োজনীয়ভাবে সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী শনিবার থেকে পুনরায় হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব অভিভাবক এখনো তাদের সন্তানদের প্রয়োজনীয় টিকা দেননি, তাদের দ্রুত টিকা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

দেশের জ্বালানি ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের স্বার্থে কোনো একটি পক্ষের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার উদ্দেশ্যে নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি।

তিনি আরও বলেন, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে দ্রুত গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দেশের গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলায় এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, যুবদলের সহসভাপতি মো. তাজুল ইসলাম, সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এর আগে বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন।