জাতীয়
শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থানে সরকার, ‘কোনো ছাড় নয়’: তথ্য প্রতিমন্ত্রী
শিক্ষার গুণগত মানোন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না; শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে তাদের সম্পৃক্ত করাও জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। এ সময় বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রী নান্দাইলের আনোয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কলেজের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার মান আরও উন্নত করতে বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
মতবিনিময় সভা শেষে কলেজ প্রাঙ্গণে একটি আমের চারা রোপণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নান্দাইলের শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।