সারাদেশ

শিবগঞ্জে অন্তর্বাসে লুকানো ৪,৯৪০ ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

শিবগঞ্জে অন্তর্বাসে লুকানো ৪,৯৪০ ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৯৪০টি ইয়াবাসহ জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল খুলনার সোনাভাঙ্গা থানার হাফিজনগর এলাকার মৃত নূরের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা জামালকে দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করা হলে পরনের অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় কমলা রঙের ৪ হাজার ৯৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল নিজেকে কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় জামালের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার উৎস, চালানটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।