রাজনীতি
আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফের ফাঁসি হতে পারে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে আগের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ সম্পন্ন করা প্রয়োজন। তাঁর দাবি, সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে এগিয়ে যাচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষকে মাঠে সক্রিয় করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘৭১-এর ঘাতক’ ও ‘২৪-এর পরাজিত শক্তি’ সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে। জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এবারই দলটি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তাঁর ভাষ্য, ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বাধীন ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতায় নেমেছে।
জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াত বিভিন্নভাবে চেষ্টা করছে এবং দলটিকে ইন্ধন দিচ্ছে।
রাশেদ খাঁন আরও দাবি করেন, জামায়াতের ইন্ধনেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সাহস পাচ্ছেন। তবে জামায়াতের আহ্বানে সাধারণ মানুষ আর রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হলে দলটি ভবিষ্যতে জামায়াত নেতাদের বিরুদ্ধে আগের মতো কঠোর ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে জামায়াতের নেতৃত্বকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।