জাতীয়

স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা চান রাষ্ট্রপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা চান রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয়তা নির্ধারণ করে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, দেশ এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। স্বাস্থ্যব্যবস্থার জন্য কতসংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী ধরনের অবকাঠামো দরকার এবং কত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন-এসব বিষয়ে অতীতে যথাযথ ও সার্বিক পরিকল্পনার ঘাটতি ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দকে যথাযথভাবে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার কাঠামোকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নতুন চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন।

পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে অতীতের তদবিরনির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সঠিক ব্যক্তিকে সঠিক পদে দায়িত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে চিকিৎসকদের গবেষণামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি এগুলোকে যথাযথ ব্যবস্থাপনা, তদারকি ও নিয়ন্ত্রণের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত শাসনামলে অত্যাচার-নির্যাতনে আহত নেতা-কর্মীদের চিকিৎসাসেবায় চিকিৎসকদের সহযোগিতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। নিজের চিকিৎসার সময় চিকিৎসকদের আন্তরিক সহায়তার জন্যও তিনি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।