সারাদেশ

জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরো উদ্ধার, পরে অবমুক্ত গহীন বনে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরো উদ্ধার, পরে অবমুক্ত গহীন বনে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি নিরাপত্তাজালে আটকা পড়া প্রায় চার ফুট দীর্ঘ বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে নিরাপদে গহীন বনে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা সাপটি উদ্ধার করেন।

আমীর হোসাইন শাওন জানান, চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরাপত্তাজালে সাপটি আটকা পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ফুট লম্বা পদ্ম গোখরোটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে জনবসতি থেকে দূরে নিরাপদ একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধারকারী শাওনের ধারণা, সাপটির বয়স আনুমানিক তিন থেকে সাড়ে চার বছর। এ সময় পদ্ম গোখরোর ডিম দেওয়ার মৌসুম হওয়ায় সাপটি ডিম পাড়ার জন্য নিরাপদ জায়গার সন্ধানে বের হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে এটি জালে আটকা পড়ে থাকতে পারে।

তিনি আরও জানান, পদ্ম গোখরো বিষধর সাপের মধ্যে অন্যতম। এ প্রজাতির সাপের ফণার পেছনে সাধারণত গোলাকার ‘ও’ আকৃতির একটি বিশেষ দাগ থাকে। দূর থেকে দেখলে দাগটি অনেকটা বড় চোখের মতো মনে হয়। এই বিশেষ চিহ্নের কারণেই পদ্ম গোখরোকে সহজে শনাক্ত করা যায়।

তবে সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্ম গোখরোর ফণার পেছনের ওই চিহ্ন সম্পূর্ণ গোলাকার না হয়ে অর্ধচন্দ্রাকৃতির বা অসম্পূর্ণ দেখা গেছে। উদ্ধারকারী দলের সদস্যদের মতে, জিনগত তারতম্যের কারণে একই প্রজাতির সাপের শরীরে চিহ্নের আকৃতিতে এমন ভিন্নতা দেখা দিতে পারে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, লোকালয়ে বিষধর সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। সম্ভব হলে প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলকে খবর দিয়ে সাপটি উদ্ধার করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করা প্রয়োজন।